মোঃ তৌফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ শুক্রবার দুপুরে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আইয়ুব মোল্লা (৩৭)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার আ:জলিল মোল্লার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার দুপুর আনুমানিক ২টা ১ মিনিটে গোয়ালন্দঘাট থানার গফুর মোল্লা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আইয়ুব মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার ২০১৪ সালের ২৪ ডিসেম্বরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব মোল্লা স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
















