টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক যুবক মৃদুল হাসান শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১ জুলাই) সকালে শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার সময় তাঁকে আটক করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার বলেন,
“পরীক্ষার মধ্যে নকল সরবরাহ করতে গিয়ে মৃদুলকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে এ বিষয়ে লিখিতভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন,
“লিখিত নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমি নিজে তাঁর বিরুদ্ধে মামলা করছি।”
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান,
“আটক মৃদুল হাসান বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


















