গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝলমলে আলোকসজ্জা, রঙিন সাজসজ্জা ও ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এ আনন্দঘন সময়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহা অষ্টমীর সন্ধ্যায় উপজেলার নাজিরপুরসহ উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
মণ্ডপে মণ্ডপে রঙিন বৈদ্যুতিক বাতির ঝলকানি, ঢাক-ঢোলের আওয়াজ আর ভক্তদের উপস্থিতি পুরো এলাকাজুড়ে এনে দিয়েছে এক ভিন্ন আবহ। এসব দৃশ্য ঘুরে দেখে ইউএনও ফাহমিদা আফরোজ পূজা উদযাপনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। দর্শনার্থীরা যেন নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সেজন্য মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেয়।
উপজেলা পূজা উদযাপন কমিটির সূত্রে জানা যায়, এ বছর গুরুদাসপুর উপজেলায় ৩৩টি মণ্ডপে দুর্গোৎসব মুখে উদযাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আলোকসজ্জা, মনোমুগ্ধকর প্রতিমা, সাউন্ড সিস্টেম ও রঙিন সাজসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় প্রতিটি মণ্ডপেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের এ সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে সৃষ্টি হয়েছে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ।


















