রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার তরমুজ পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো দুজন। তাদেরকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার নবী সুদ্দিনের ছেলে রুবেল হোসেন। বাকীদের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। এসময় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
নাজিম উদ্দিন নান্নু নামের এক প্রত্যক্ষ্যদর্শী বলেন, ঢাকা থেকে রাজশাহী গামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেল পাম্প এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী হাইচ মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৬-৯৭৯২) ভিতরে চাপা পরে চালকসহ ৫ জন নিহত হন। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ, বনপড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের একজনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, আহত অবস্থায় হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়। তার মধ্যে এক জনের মৃত্যু হয়। বাকী দুইজনকে রাজশাহী মেডেকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, নিহতদের পরিচয় সনাক্তে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।#



















