গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর ঘোষিত বনাঢ্য র্যালিকে সফল করার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাতে পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র ও নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য মশিউর রহমান বাবলুর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় গুরুদাসপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করে আসছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে নয়, বরং গণমানুষের অধিকার আদায়ের প্রতীকী সমাবেশে পরিণত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বাবলু বলেন, “বিএনপি জনগণের দল। এ দল বারবার দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামী ৩ সেপ্টেম্বরের র্যালি শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, এটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” অনুষ্ঠান শেষে তিনি নেতাকর্মীদের নিরদেশনা প্রদান করেন।
এ সভায় নেতাকর্মীরা র্যালি সফল করার জন্য করণীয় নির্ধারণ করেন এবং সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা দেন।
















