গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরে গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ মামলায় প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১১ নভেম্বর ) দুপুর বারোটার দিকে আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় প্রদান করেন।
পুলিশের ভাষ্যমতে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে গুরুদাসপুর উপজেলার নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিলো এক পরীক্ষার্থী। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার কথা বলে তাকে নিয়ে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। অপহরণের ঘটনা জানার পর নির্যাতিত শিক্ষার্থীর মা ঘটনার দিন রাতেই প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ ও তার দুই ভাইকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন। পুলিশ ২ অক্টোবর নির্যাতিত ছাত্রীকে উদ্ধার করলেও পালিয়ে যায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। পরে ১১ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তকীতলার এলাকার একটি হোটেল থেকে ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করে র্যাব।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সী আবুল কালাম আজাদ বলেন, পুলিশ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। চার্জ গঠনের সময় বিচারক দুজনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজের বিচারকাজ শুরু করেন। পরে পরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সাক্ষ্যগ্রহণ ও যুক্তি তর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেয়া হয়। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।



















