বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ১১টি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সোমবার (৩০ জুন) সকাল ৯টার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
টানা বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ৩০ জুন সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেয়াজ কবির জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে এই আবহাওয়াজনিত পরিবর্তন ঘটছে। মৌসুমি বায়ুর অক্ষও দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তাপমাত্রার হালচাল
বৃষ্টির কারণে দেশের দক্ষিণাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে দেশের গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।















