রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়। সম্প্রতি উপ-পরিচালকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন ডিএমপির এডিসি মো. জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। এছাড়া সহসভাপতি—মো. নাহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক—মো. সবুজ আলী, সহ সম্পাদক—মো. রমজান আলী, সাংস্কৃতিক সম্পাদক—মো. আমিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক—মো. রাশিদুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন প্রভাষক সঞ্জয় গুহ, মো. জিল্লুর রহমান, মো. মহিউদ্দিন বিশ্বাস ও মো. মাহাবুর রহমান।
১৯৩৪ সালে বসন্ত কুমারী দাসীর দানকৃত জমিতে প্রতিষ্ঠিত গুরুদাসপুর ক্লাব ১৯৭৮ সালে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি খেলাধুলা, সংস্কৃতি, পাঠাভ্যাস, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নতুন সভাপতি জুয়েল রানা জানান, ক্লাব ও পাঠাগারকে আধুনিকায়ন করে তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত করা হবে। সাধারণ সম্পাদক সবুজ হাসান বলেন, পাঠাগারকে ডিজিটাল সেবার উপযোগী করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম যেমন দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্যসচেতনতামূলক আয়োজন নিয়মিত করা হবে।

















