গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন পেশ ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাদ্দাম হোসেন। তিনি পৌরসভার আনন্দনগর গ্রামের মুর্তজা আলীর পুত্র।
বুধবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে দিনব্যাপী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৯ জন আবেদনকারীর মধ্যে ৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শেষে প্রার্থীদের ধর্মীয় জ্ঞান, শুদ্ধ তিলাওয়াত ও যোগ্যতার সবদিক বিবেচনা করে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
নিয়োগ কমিটির সংশ্লিষ্টরা জানান, সম্পূর্ণ স্বচ্ছতা, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতেই এ নিয়োগ সম্পন্ন হয়েছে। এদিকে নতুন পেশ ইমাম নির্বাচিত হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে মসজিদের ধর্মীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

















