গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার অনুষ্ঠিত হয়েছে “নিরাপদ দুধ: খামারি ও অংশীজনদের সমন্বিত উদ্যোগে” শীর্ষক আলোচনা সভা। প্রাণ ডেইরী লিমিটেডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, গুরুদাসপুর থানা সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, নাটোর জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, গুরুদাসপুর স্যানিটারী ইন্সপেক্টর মাধব কুমার সরকার, উত্তর নারী বাড়ি কবরস্থান জান্নাতুল বাকি কওমি মাদ্রাসার মাওলানা মাহাদী হাসান, প্রাণ ডেইরী লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার শরিফ উদ্দিন তরফদার এবং চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণ ডেইরী লিমিটেডের ডেপুটি ম্যানেজার জিহাদুল কবির।
বক্তারা বলেন, নিরাপদ দুধ উৎপাদন ও সরবরাহ এখন সময়ের দাবি। দুধকে ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে খামারি, ব্যবসায়ী, ভোক্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। নিরাপদ দুধ নিশ্চিত হলে জনগণের স্বাস্থ্য সুরক্ষিত হবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
এছাড়া খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি, সরকারের নির্দেশনা অনুসরণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুধ সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
















